আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি 'futoscope' দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে । কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস্ ভস্ ঘিলু, কতখানি ঠক্‌ঠকে ফাঁপা । মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস্ কথা— আয় দেখি কোন ফাঁক দিয়ে, মগজেতে ফুটো তোর কোথা । টোল–খাওয়া ছাতাপড়া মাথা, ফাটা–মতো মনে হয় যেন, আয় দেখি বিশ্লেষ ক'রে– চোপ্‌রাও ভয় পাস্ কেন ? কাৎ হয়ে কান ধ'রে দাঁড়া, জিভখানা উল্‌টিয়ে দেখা, ভালো ক'রে বুঝে শুনে দেখি– বিজ্ঞানে যে–রকম লেখা । মুণ্ডুতে 'ম্যাগনেট' ফেলে, বাঁশ দিয়ে 'reflect ক'রে, ইঁট দিয়ে velocity ক'ষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে ।