
গতকাল বড়ো ছেলেবেলা ছিল আমাদের চারিধারে, দেয়ালের মতো অনুভূতিমাখা মোম জ্বালিয়ে জ্বালিয়ে আমরা দেখেছি শিখার ভিতরে মুখ । গতকাল ছিল জীবনের কিছু মরণের মতো সুখ । গতকাল বড়ো যৌবন ছিল শরীরে শরীর ঢালা, ফুলের বাগান ঢেকে রেখেছিল উদাসীন গাছপালা । আমরা দু’জনে মাটি খুঁড়ে-খুঁড়ে লুকিয়েছিলাম প্রেম, গতকাল বড় ছেলেবেলা ছিল বুঝিনি কী হারালাম ! গতকাল বড়ো এলোমেলো চুলে বাতাস তুলেছে গ্রীবা, চুমু খেয়ে গেছে কৃষ্ণচূড়ার উজ্জ্বল মধুরিমা । গতকাল বড়ো মুখোমুখি ছিল সারাজীবনের চাওয়া, চোখের নিমিষে চোখের ভিতরে চোখের বাহিরে যাওয়া ।


