Song Cover Image

"কে জন্মায়, হে বৈশাখ" জয় গোস্বামী

রৌদ্রদিন তোমার গান বৃষ্টিদিন অন্ধকার বনের পথ শাল পিয়াল শালপিয়াল ধূলিধূসর ফুলগুলি দলবেঁধে ইস্কুলের রিহার্সাল কোথায় আজ দিন কাটে?—ভোরবেলায় মায়ের চোখ চোখের জল— ছোটবেলার স্কুলপোশাক, নদীর ধার, বেলতলা শ্যামসবুজ মফস্বল। ও রাঙা পথ, ও ভাঙা পথ দেশছাড়া মনে রাখিস, তোরা এসব মনে রাখিস পথে এখন নতুন বিষ। ছোট্টো থেকে বড় হওয়ার নতুন বিষ, পুরোনো বিষ। মনে রাখিস কেউ কি বিষ ধুইয়ে দেয়, রৌদ্রদিন? বৃষ্টিদিন মুছিয়ে দেয়?—একটি লোক ঘুরে বেড়ায়, মিলিয়ে যাওয়া এক বালক এই পথেই ঘুরে বেড়ায়, ধরে বাতাস হাওয়া মুঠোয় সে উড়ে যায় সে উড়ে যায়: পচাপুকুর, কলোনিমাঠ, রেললাইন, খুনখারাপ মফস্বল— ঘরে ঘরে ছেঁড়া চটির টিউশনি শ্যামলীদের মাধবীদের গান শেখা লণ্ঠন আর মোমবাতির রাত জাগা খোকনস্যার, স্বপনস্যার, স্বপ্নাদি— সবার গায়ে ছড়িয়ে দেয় নিজের গান— সেই গানের রঙ লাগায় গরীব সব বাপমায়ের চোখের জল রৌদ্র পায়, বৃষ্টি পায়… রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে, প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে, প্রতি বছর কে জন্মায়, হে বৈশাখ, কে জন্মায়?