
আমার একটা তুমি- আরিফ শামছ্
আমার একটা তুমি আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) আমার একটা তুমি— যে কাঁটার ভয়ে মাছ খেতে না, সেই গল্প শুনেছি বন্ধুর মুখে।। তারপর থেকে কত যে স্বপ্ন নিঃশব্দে বুনেছি— মাছের কাঁটা বেছে বেছে তোমার থালায় তুলে দেবো, আর তুমি চোখ রাঙিয়ে বলবে, “এত যত্ন কবে কে চেয়েছে?”।। আমি হেসে বলবো— “কেমন সুন্দরী তুমি! মাছ খেতেও জানো না?” তুমি অভিমানে মুখ ফেরাবে, আমি দুষ্টুমিতে আরও কাছে যাবো।। মেহেদী মাখা হাত ছুঁয়ে যাবে আঙুল হঠাৎ, একটুখানি স্পর্শে উৎসব হবে পৃথিবী।। কাঁপা কাঁপা স্বর, বেহুলার সুর, অজস্র না-বলা কথা— সব জমে রবে চোখের গভীর জলে।। তুমি আছো দূরে, বহু দূরে— তাই স্বপ্নগুলোও স্মৃতিতেই ঘুরে ফিরে।। এত স্বপ্ন, এত ভালোবাসা, এত যত্নে গড়া ভবিষ্যৎ— তবু ছোট্ট কপালে লেখা হলো না প্রেমের কোনো স্বর্গ।। শুধু বিরহ-বেদনা নিঃশব্দে এসে সব স্বপ্নের পাশে একাকী বসে রইলো।। আমার একটা তুমি । । ।

